জল্পনার অবসান হতে যাচ্ছে। আজ বা কালকের মধ্যেই বার্সেলোনাতেই লিওনেল মেসির থেকে যাওয়ার চূড়ান্ত ঘোষণা আসতে পারে। জানা গেছে বার্সার সঙ্গে নতুন করে ৫ বছরের চুক্তি করতে যাচ্ছেন মেসি। যার রিলিজ ক্লজ হবে ৬০০ মিলিয়ন ইউরো। অবশ্য এই ৫ বছরের মধ্যে দুই মৌসুম বার্সায় খেলবেন মেসি। এরপর যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি ক্লাবে খেলতে যাবেন। আর এই নতুন চুক্তিতে মোটা অঙ্কের বেতন কর্তনেও রাজি হয়েছেন মেসি। গত চুক্তির চেয়ে এবার প্রথম মৌসুমে ৫০ ভাগ বেতন কম নেবেন মেসি। বার্সেলোনার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে ২০২১-২২ মৌসুমে মাত্র ২০ মিলিয়ন ইউরো ও বোনাস নেবেন ৬ বারের বর্ষসেরা খেলোয়াড়। প্রথম মৌসুমে কম পারিশ্রমিক নিলেও পরের মৌসুমে তা বাড়বে। বোনাসও বাড়বে। আর ২০২৩ সালে যদি দুই পক্ষ আলাদা হয়ে যায় সেক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে মোটা অঙ্কের অর্থ পাবেন মেসি। তবে এই পুরো অংশের পরিমাণ ২০০ মিলিয়নের বেশি নয় বলে জানিয়েছে স্প্যানিশ এক দৈনিক। ২০২২-২৩ মৌসুমের পর মেসি যদি বার্সেলোনাতেই খেলতে চান তবে পারিশ্রমিকের পরিমাণ পরের তিন মৌসুমে আগের মৌসুমের চেয়ে কমবে। যাই হোক মেসি যে বার্সেলোনাতেই থাকছেন সেটাই মেসি-বার্সা ভক্তদের জন্য আনন্দের খবর।
এদিকে আর্জেন্টিনা থেকে খবর আসছে ইন্টার মিয়ামি মালিক ডেভিড বেকহ্যামের সঙ্গে মেসির সাক্ষাতের। জাতীয় ক্যারিয়ারের প্রথম শিরোপা কোপা আমেরিকা জিতে এখন নিজ দেশেই আছেন মেসি। ছুটিতে মিয়ামিতে যাওয়ার কথা তার। সেখানেই সাবেক ইংল্যান্ড মিডফিল্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি।
তবে যাওয়ার আগে বিস্তর ঝক্কি পোহাতে হয়েছে মেসিকে। মঙ্গলবার নিজ শহর রোসারিও থেকে বুয়েন্স আয়ার্স হয়ে পালেরমো যেতে হয় তাকে। সঙ্গে ছিলেন তার বাবা হোর্হে মেসি। উদ্দেশ্য মিয়ামি যাওয়ার জন্য আমেরিকান ভিসা নেওয়া। কিন্তু যথাসময়ে রোসারিও বিমানবন্দর ত্যাগ করতে পারেননি। ঝক্কিটা সেখানেই। মঙ্গলবার সকালে রোসারিও বিমানবন্দর বোমাতঙ্কে বন্ধ করে দেওয়া হয়। কে বা কারা এই বোমা রেখেছেন বা আদৌ বোমা ছিল কি না তা পরিষ্কার করেনি পুলিশ। তবে কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর অবার খুলে দেওয়া হয় রোসারিও বিমানবন্দর। স্থানীয় সময় বিকাল ৩টায় পালেরমোর উদ্দেশে রওনা হন মেসি। সেখান থেকে রোসারিওতে ফিরে নিজস্ব বিমানে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা তার গতকালের মধ্যে।