বজ্রপাত-ঝড়-বৃষ্টিতে কৃষকের আশ্রয়স্থল

মেহেরপুরে ‘শেখ হাসিনা কৃষক ছাউনি’

বিস্তীর্ণ ফাঁকা মাঠে সূর্যের খরতাপের মধ্যে সারা দিন ঘামঝরা খাটুনি করেন একজন কৃষক। ক্লান্তি নিবারণের জন্য একটু ছায়াঘেরা স্থান পাওয়া দুষ্কর। ঝড়-বৃষ্টি, বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগের সময় নিজেদের বাঁচাতে কোথাও নিরাপদ জায়গা মেলে না। শুধু গত তিন মাসেই মাঠে কাজ করার সময় মেহেরপুরে বজ্রপাতে মারা গেছেন ১৩

কৃষক। কৃষকদের এমন দুর্দশার কথা চিন্তা করে বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগে নিজেদের রক্ষা করতে এবং একটু বিশ্রামের সুযোগ করে দিতে মেহেরপুরের ফসলি মাঠে মাঠে তৈরি হয়েছে ‘শেখ হাসিনা কৃষক ছাউনি’। প্রতিটি ছাউনির পাশে বসানো হয়েছে টিউবওয়েল। কৃষকরা সেখানে গিয়ে হাত-মুখ ধোয়াসহ পানি পান করতে পারছেন। এমন ছাউনি পেয়ে এলাকার কৃষক-চাষিরা ব্যাপক খুশি।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন খাঁ জানান, পর্যায়ক্রমে জেলাব্যাপী এই কৃষক ছাউনি করা হবে। গাংনীর স্থানীয় সংসদ সদস্যের পরিকল্পনায় গ্রামের বিস্তীর্ণ মাঠের মধ্যখানে কিংবা একাধিক জমির আইল কিংবা মেঠো রাস্তার পাশে তৈরি করা হচ্ছে শেখ হাসিনা কৃষক ছাউনি।

মেহেরপুরের তেঁতুলবাড়িয়া মাঠের কৃষক শফি কামাল (৪৯) বলেন, ‘বিশ্রাম তো দূরের কথা পিপাসা লাগলে একটু পানিও পাওয়া যায় না। মনে হতো মরু অঞ্চলে কাজ করছি। এখন ছাউনিতে পানি পাচ্ছি, বিশ্রামও নিতে পারছি।’

সাহারবাটি গ্রামের কৃষক কুদ্দুস ম-ল (৬১) বলেন, ‘বজ্রপাত শুরু হলে কোথাও ঠাঁই নেওয়ার জায়গা ছিল না। চোখের সামনে তিনজন বজ্রপাতে মারা গেছেন। এখন ছাউনি হওয়ায় ঝড়-বৃষ্টি-বজ্রপাতে সেখানে আশ্রয় নিই। ক্লান্তি এলে একটু ঘুমিয়ে নিই।’

কাজীপুর গ্রামের কৃষক হেমলক উদ্দিন (৫৮) জানান, ‘এই ছাউনির কারণে অনেক সুবিধা হয়েছে। ছাউনিতে গিয়ে খেতে পারি। পানির সমস্যা হয় না। বজ্রপাতের সময়, ঝড়-বৃষ্টিতে ছাউনিতে আশ্রয় নিই। খরার সময় ছায়ায় গিয়ে বসি।’

স্থানীয় উপজেলা প্রকৌশল বিভাগ সূত্র জানায়, স্থানীয় সাংসদের নির্দেশে কৃষি বিভাগ স্থান নির্ধারণ করছে। টিউবওয়েলসহ প্রতিটি ছাউনিতে ব্যয় হচ্ছে ৭০ হাজার টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সাংসদের আর্থিক সহযোগিতায় এগুলো নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ১৩টি ফসলি মাঠে একটি করে ছাউনি নির্মাণ করা হয়েছে।

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন বলেন, মাঠে কাজ করা মানুষগুলোকে খুব কাছ থেকে দেখেছি। কারণ আমিও কৃষকের সন্তান।