রেহানায় মুগ্ধ অনুরাগ

ক্যাশপ কান চলচ্চিত্র উৎসবের প্রথম শোতেই ‘রেহানা মরিয়ম নূর’ দেখেছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার অনুরাগ ক্যাশপ। ছবিটি দেখে মুগ্ধ হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির টিমের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন ক্যাশপ। তিনি বলেন, ‘এটা আমাদের অঞ্চল থেকে আসা অন্যতম শক্তিশালী একটা সিনেমা। এটা দেখাটা দারুণ এক অভিজ্ঞতা। রীতিমতো অসাধারণ এক কাজ। অভিনয়, শব্দ পরিকল্পনা, লেখা সবই দারুণ। বাংলাদেশকে আমার অভিনন্দন।’ ‘রেহানা মরিয়ম নূর’ টিমের সঙ্গে অনুরাগ ক্যাশপের আড্ডার কিছু অংশ ভিডিও আকারে ফেইসবুকে পোস্ট করেছেন আজমেরী হক বাঁধন। ২০-২৫ মিনিটের সেই আড্ডায় আরও ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’ প্রযোজক জেরেমি চুয়া ও নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। কান থেকে গতকাল দুপুরে বাঁধন জানালেন, ‘জেরেমি চুয়া ও অনুরাগ ক্যাশপ আগে থেকেই পরিচিত। ছবিটি দেখার পর একসঙ্গে আড্ডা দিতে চেয়েছিলেন। অল্প সময়ের জন্য হলেও সন্ধ্যাটা আমরা গল্পগুজবে কাটালাম। আমাদের সঙ্গে ছিলেন ভ্যারাইটি পত্রিকার একজন সাংবাদিকসহ আরও কয়েকজন। সবাই আমাকে রেহানা বলেই ডাকছিলেন। পরিচালক সাদেরও প্রশংসা করছিলেন। এই ভালো লাগার অনুভূতি ব্যাখ্যাতীত। অনুরাগ আমাদের সবাইকে শুভকামনা জানিয়েছেন। বলেছেন, আমার অসাধারণ অভিনয়ের মাধ্যমে নাকি বাংলাদেশ অফিশিয়ালি কান উৎসবে জায়গা করে নিল। শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করায় গতকালের আড্ডায় সাদ ছিল না। তবে সশরীরে না থাকলেও আমাদের আলোচনাজুড়েই ছিল সাদ। অনুরাগ সাদের যে পরিমাণ প্রশংসা করেছে, সত্যি সেটা ভীষণ আনন্দের। অনুরাগ শেষে বলেছেন, এই ছবি তার কাছে রীতিমতো অসাধারণ ছবি বলে মনে হয়েছে। ছবির শেষ দৃশ্যটি নিয়ে অসম্ভব মুগ্ধতা প্রকাশ করেছেন।’

‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে কান উৎসবে অংশ নেওয়ার পর থেকেই প্রতি মুহূর্তে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বাঁধন। তিনি বলেন, ‘কান উৎসবে প্রথম দিনের শো শুরুর আগ পর্যন্ত অনেক চাপ বোধ করেছি। কিন্তু প্রথম শোর পর সবাই যেভাবে প্রশংসা শুরু করে, তাতে হালকা হয়েছি। এখন তো যেখানেই যাই, রেহানা বলে সবাই ডাকে। দেখা করতে এগিয়ে আসে। ছবি তোলে। কে কোন শহরের মানুষ, কোন দেশের, নাম-পরিচয় কী; কিছুই জানি না। এটা যে কী পরিমাণের ভালো লাগার অনুভূতি, বলে বোঝাতে পারব না।’