বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিতে অনুরাগ কাশ্যপ

‘মাটির প্রজার দেশে’-খ্যাত বিজন ইমতিয়াজ ও আরিফুর রহমানের প্রতিষ্ঠান গুপী-বাঘা প্রোডাকশনস থেকে ‘সলো’ তথা ‘একা’ শিরোনার সিনেমা পরিচালনা করছেন কলকাতার সুমন সেন।

আগে থেকেই এ সিনেমার সঙ্গে ছিলেন ফরাসি প্রযোজক ডমিনিক ভেলিন্সকি। এবার যুক্ত হলো ভারতের বিখ্যাত প্রযোজক ও পরিচালক অনুরাগ কাশ্যপের গুড ব্যাড ফিল্মস। ভ্যারাইটি, ডয়চে ভেলেসহ একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

জানা গেছে, ফ্রান্সে চলমান কান চলচ্চিত্র উৎসবে কয়েক দফা বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।

‘একা’ ফ্রেঞ্চ ইনস্টিটিউটের লা ফেব্রিকে বিশ্বের ১০টি প্রকল্পের একটি হিসেবে কানে নির্বাচিত হয়েছে। যেখানে তরুণ নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়া হয়।

লা ফেব্রিকের নানা আয়োজনে যোগ দেন আরিফুর রহমান, বিজন ইমতিয়াজ ও সুমন সেন। এ ছাড়া সিনে মার্কেট মার্শে দ্যু ফিল্মে নুহাশ হুমায়ুনের ‘মুভিং বাংলাদেশ’ নিয়ে অংশ নিয়েছে বিজন ও আরিফ।

আরিফ উৎসবের দুদিন বাকি থাকতেই দেশে ফিরছেন, কিন্তু বিজন ও সুমন কান থেকে চলে যাবেন সরাসরি প্যারিসে। সেখানে বসেই দুজন মিলে চূড়ান্ত করবেন ‘একা’র স্ক্রিপ্ট।

এ ছবিতে অনুরাগের সংযুক্তি নিয়ে বিজন বলেন, ‘‘সিনেমার ফান্ডিং একটা বড় বিষয়। কিন্তু তারচেয়েও বড় বিষয় স্ক্রিপ্ট ও ডিরেকশনে অনুরাগের যে দক্ষতা, সেটি এই সিনেমাতে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। আমরা স্ক্রিপ্ট লিখে অনুরাগকে পাঠিয়ে দিবো, তিনি তার নোট দেবেন। এভাবেই কাজ এগোবে।”

এ দিকে অনুরাগ বলেন, ‘‘একসঙ্গে করা যায় এমন কাজ খুঁজে পাওয়ার মধ্যে এক ধরনের আনন্দ রয়েছে। আইডিয়া, স্ক্রিপ্ট এবং ভারত-বাংলাদেশ-ফ্রান্সের নির্মাতাদের একযোগে কাজ করে সিনেমা বানানোর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।”

‘একা’ বিপ্লব নামের এক ৫৬ বছর বয়সী বিমা কর্মকর্তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একঘেয়ে মধ্যবিত্ত জীবন আর তার ভালো লাগে না। প্রতিদিন ভিড়ে গাদাগাদি করে পাবলিক বাসে চেপে অফিস যাওয়ার পথে শহরের মূল চত্ত্বরে নির্মীয়মাণ এক বিশাল ভাস্কর্যের পায়ের আঙুল নজরে পড়ে তার। নির্মাণকাজ শেষ হলে দেশের প্রেসিডেন্ট এই ভাস্কর্যের উদ্বোধন করবেন।

জীবনের নানা চাপ বিপ্লবকে ধীরে ধীরে হতাশাগ্রস্ত করে তোলে। ক্ষোভ থেকে একসময় তিনিই ডাক দেন এক গণবিদ্রোহের।

আগামী বছর শুরু হবে এ ছবির শুটিং। মূল চরিত্রে ভাবা হচ্ছে হালে ওটিটি প্ল্যাটফর্মে নানান ধরনের চরিত্র রূপায়ণ করা ভারতীয় এক অভিনেতাকে।

কানে বাংলাদেশ থেকে প্রথমবার অফিশিয়াল সিলেকশন পাওয়া আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ দেখে প্রশংসা করেছেন অনুরাগ।

মঙ্গলবার সন্ধ্যার পর অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা ও আড্ডা হয় ‘রেহানা মরিয়ম নূর” ছবির প্রধান অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের। সঙ্গে ছিলেন ছবির প্রযোজক জেরেমি চুয়াও।

বাঁধন নিজের ফেসবুকে অনুরাগ কাশ্যপের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। যেখানে অনুরাগ ‘রেহানা মরিয়ম নূর’ –এর প্রশংসা করেন। পরিচালক সাদ, নায়িকা বাঁধন ও প্রযোজকেরও প্রশংসা করেন তিনি।

অনুরাগ বলেন, “রেহানা মরিয়ম নূর’ খুবই পাওয়ারফুল একটি ছবি। এর স্টোরি, কালার, এডিটিং, অ্যাক্টিং থেকে শুরু করে সবকিছুই এক্সট্রা অর্ডিনারি। এই ছবির মাধ্যমে বাংলাদেশ কানে অফিসিয়ালি এন্ট্রি নিল। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি।”