দীর্ঘ ২১ দিন পর কঠোর লকডাউন শিথিলের প্রথম দিনে চাঁদপুর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেশকিছু লঞ্চ ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ঘাট ছেড়ে। তবে, ঘাটে যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেলেও লঞ্চগুলোতে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে দেখা যায়।
অধিকাংশ যাত্রীকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতে দেখা যায়।
যাত্রীদের নিরাপত্তায় ঘাটে জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ প্রশাসনসহ বন্দর কর্তৃপক্ষকে বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে চালু হওয়া লঞ্চ চলাচল আগামী ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত চলাচল করবে।
বিআইডাব্লিউটিএ এর উপ-পরিচালক জেলা বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনামত লঞ্চ যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
লঞ্চগুলোতে অর্ধেক যাত্রীর বেশি পরিবহন করতে দেওয়া হচ্ছে না। যার ফলে যাত্রী ব্যবস্থাপনায় কিছুটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে।
তাছাড়া অনেক যাত্রীর অসচেতনতা ও অসাবধানতার কারণে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলা কিছুটা দুষ্কর হয়ে পড়েছে। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি।