ব্রাহ্মণবাড়িয়া

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আবার সংঘর্ষ, আহত ৫

কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল খেলা শেষ হয়েছে গত ১১ জুলাই সকালে। তবুও সমর্থকদের উত্তেজনা থামেনি ব্রাহ্মণবাড়িয়ায়। ফাইনালের পাঁচ দিন পর বাগ্বিত-ার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় ফের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সি ও ফুরকান মুন্সি। তাদের মধ্যে মিনার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার গত ১১ জুলাইয়ের খেলা নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় খেওয়াই গ্রামের সর্দার বাড়ির শিপন (১৯) ও মুন্সিবাড়ির হৃদয়ের (১৮) বাগ্বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হৃদয় আর্জেন্টিনা ও শিপন ব্রাজিলের সমর্থক। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে এলাকায় পুলিশ আসে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাজিল ও আর্জেন্টিনা দলের খেলা নিয়ে তর্ক-বিতর্কের জেরে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে রেজাউল নামে এক ব্রাজিল সমর্থকের চাচা নোয়াব মিয়াকে (৬০) মারধর করেন আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়ার লোকজন। এ ঘটনার জের ধরে একই দিন রাতে আর্জেন্টিনা সমর্থক জীবনের তিন সহযোগীকে বেদম প্রহার করেন ব্রাজিল সমর্থক রেজাউলের লোকজন। পরে উভয়পক্ষের চারজন একই হাসপাতাল চিকিৎসা নেন।