হাতিয়ায় ১ কোটি ৬০ লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার আটক করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার পশ্চিম উপকূলের আজমার খালসংলগ্ন এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা রেণুপোনা রেখে ব্যবসায়ীরা আগেই পালিয়ে যায়।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেনের নির্দেশে গলদা চিংড়ির পোনাগুলো পাশের মেঘনায় অবমুক্ত করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এসএম তাহসিন রহমান জানান, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, বনদস্যুতা ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।