বাগেরহাটের মোংলা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহারুখ বাপ্পির বিরুদ্ধে জমি দখলসহ হামলা ও মারধর করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার চাচাতো ভাই ব্যবসায়ী শেখ সালমান শাহ সানি।
গতকাল শুক্রবার বেলা ১১টায় মোংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সানি অভিযোগ করেন, তার দাদা ও বাবার মৃত্যুর পর পৌর শহরের মাদ্রাসা রোডে পৈতৃক জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতা বাপ্পি ও তার পরিবারের লোকজন নানাভাবে ওই সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করে আসছে। গত ১৩ জুলাই রাতে বাপ্পি ও তার পরিবারের সদস্যসহ আরও চার-পাঁচজন লোক সানির ওপর হামলা চালিয়ে মারধর ও রক্তাক্ত জখম করে।
সানি জানান, তিনি স্ত্রী ও সন্তান নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এসব ব্যাপারে ফোন দিলে মোংলা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহারুখ বাপ্পি বলেন, আমাদের জমি লাগোয়া নদীতীরের সরকারি জমি সানি ভাড়া দেওয়ার চেষ্টা করছে, এ নিয়ে তর্কাতর্কি হয়েছে মাত্র।