অনুপ্রবেশের অভিযোগে মহেশপুর সীমান্তে ৩ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অভিযোগে নারীসহ তিনজনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকালে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার কাঞ্চনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের খালিদ হাসান সজিব (২১), তার স্ত্রী ঈশিতা খাতুন নূপুর (১৮) ও খুলনার বটিয়াঘাটা উপজেলার কাটামারী গ্রামের পম্পিনা রায় (২১)।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার খবরে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাঞ্চনপুর ব্রিজ এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।