পরিবেশ গবেষণায় বেলজিয়ামের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার দ্বার উন্মোচনের সম্ভাবনার কথা জানিয়েছেন ইউরোপ সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাসেলসে হ্যাসেল্ট ইউনিভার্সিটি অব মাসমেখলেনের পরিবেশবিজ্ঞান কেন্দ্রে সে দেশের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও সবুজায়নবিষয়ক মন্ত্রী জাকিয়া খাত্তাবির সঙ্গে আলোচনা শেষে এ কথা জানান তিনি। বায়ুমন্ডল ও মানবদেহের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং পরিবেশবান্ধব সবুজ অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগামী দেশ বেলজিয়ামের প্রযুক্তিগত ও গবেষণা সহায়তা বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও হ্যাসেল্ট ইউনিভার্সিটির সঙ্গে গবেষণা সহযোগিতার বন্ধনে আবদ্ধ হলে এ দেশের শিক্ষার্থীরাও বহুলাংশে উপকৃত হবে।’
সপ্তাহব্যাপী ইউরোপ সফরের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ গত শনিবার ঢাকা থেকে ব্রাসেলসে পৌঁছান। তবে আগামী রবিবার তার ফেরার কথা রয়েছে।