মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করতে একটি জয় প্রয়োজন ছিল বসুন্ধরা কিংসের। শনিবার জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপার আনন্দে মাতল কিংসরা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ১৮-০ গোলে জয় তুলে নেয় বসুন্ধরার মেয়েরা। কৃষ্ণা রানী সরকার সর্বাধিক পাঁচটি, সাবিনা খাতুন চারটি, শামসুন্নাহার ও সানজিদা তিনটি করে গোল করেছেন।
সোমবার নাসরিন ফুটবল অ্যাকাডেমির বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস।
দুই পর্বেই শিরোপা লড়াইয়ে কিংসের বড় চ্যালেঞ্জ ছিল নবাগত আতাউর রহমান ভূঁইয়া কলেজ। কিন্তু দুই বারের দেখাতেই কিংস পেয়েছে প্রত্যাশিত জয়।
১১তম ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া কলেজকে হারানোর পর শিরোপাটা ছিল কিংসের জন্য সময়ের ব্যাপার। কুমিল্লা ইউনাইটেডকে আগের ম্যাচে হারানোর পর এদিনের বড় জয়ে নিশ্চিত হয়েছে শিরোপা।
১৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে এখন সবার ধরাছোঁয়ার বাইরে কিংসের মেয়েরা।
রানার্সআপ হওয়া নিশ্চিত হয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজের।