নারায়ণগঞ্জের জজের টাকা নিয়ে পালিয়ে যাওয়া গাড়ি চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ তাহমিনা আক্তার তমার বাড়ি ভাড়া ও অন্যান্য বিলের টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিগত গাড়ির চালককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত গাড়ি চালক জাহাঙ্গীর হোসেন নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ডিমা গ্রামের মজিবুর রহমান ও আনোয়ারা বিবির ছেলে।

শুক্রবার রাতে তাকে তার গ্রামের বাড়ি ডিমা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সকালে টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ এনে জেলার জজ আদালতের অফিসার সহকারী আনোয়ার হোসেন বাদী হয়ে জাহাঙ্গীরকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, সিনিয়র সহকারী জজ তাহমিনা আক্তার তমা ফতুল্লার ভূইগড় এলাকায় রূপায়ন টাউনে একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। তার ফ্ল্যাটের ভাড়া, ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিল, পেট্রল পাম্পের বিল পরিশোধের জন্য ১৩ জুলাই সন্ধ্যায় ব্যক্তিগত গাড়ি চালক জাহাঙ্গীরের কাছে ৩০ হাজার টাকা দেয়া হয়। কিন্তু সে বিল পরিশোধ না করে পালিয়ে গ্রামের বাড়ি চলে যায়।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জাহাঙ্গীরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।