ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজশাহীর পশুর হাটগুলো। করোনাভীতি ভুলেই পশু কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়েছেন সবাই। তবে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই পশুহাটে। মাস্কও পরছেন না বেশিরভাগ ক্রেতা-বিক্রেতা।
নগরের উপকণ্ঠে সিটিহাট সপ্তাহে দুদিন রবিবার ও বুধবার বসলেও ঈদ উপলক্ষে শুক্রবার থেকে প্রতিদিন কেনাবেচা শুরু হয়েছে। গতকাল শনিবার এখানে গরুর সংখ্যা কম দেখা গেছে। এর আগের দিন পশুর হাট ছিল কাটাখালীতে। আর শনিবার ছিল রাজশাহীর বানেশ্বর হাট।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে হাট বসছে। ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানাতে প্রচার চালানোর জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।