চীন থেকে কেনা সিনোফার্মের করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় চালানের মধ্যে ১০ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে। গতকাল শনিবার রাত পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন।
গতকালই রাত ৩টার দিকে আরেকটি ফ্লাইটে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছানোর কথা ছিল বলেও জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্য কর্মকর্তা।
সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনতে চীনের সঙ্গে চুক্তি হয়েছে সরকারের। গতকাল রাতে টিকার চালান গ্রহণ করতে স্বাস্থ্যসেবা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে ছিলেন।
চীন থেকে কেনা টিকার প্রথম চালান ৩ জুলাই রাতে ঢাকায় পৌঁছায়। পরদিন সকালে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসে।
এর বাইরে দুই দফায় উপহার হিসেবে একই টিকার ১১ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। গতকালের ১০ লাখ ডোজ নিয়ে এ পর্যন্ত ৪১ লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে দেশে।