দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ

চলতি বছরের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফল আজ রবিবার প্রকাশ করা হবে। গতকাল শনিবার কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ হাইআতুল উলয়া থেকে এ তথ্য জানানো হয়েছে। দুপুর সাড়ে ১২টার পর শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া মাদ্রাসাগুলো সরকার স্বীকৃত ইসলামি শিক্ষা বোর্ড। সরকার ২০১৮ সালের ১১ এপ্রিল এই বোর্ডের অধীনে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে (ইসলামি শিক্ষা ও আরবি) মাস্টার্সের সমমান মর্যাদা দেয়। জাতীয় সংসদের ২০১৮ সালের ৪৮ নম্বর আইনে এ মর্যাদা দেওয়া হয়।

বর্তমানে কওমি মাদ্রাসার ছয়টি বোর্ডের সব কটি দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসা আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে নিবন্ধিত। বোর্ডগুলো হলো বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস, বাংলাদেশ বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ। এবার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজারের বেশি।

গত ৩ এপ্রিল থেকে সারা দেশে ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়। ১৩টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ৮ এপ্রিল। পরীক্ষা চলাকালে কঠোর বিধিনিষেধ থাকায় প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেয় বোর্ড কর্র্তৃপক্ষ।