রংপুরে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর নামক স্থানে রবিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার সকাল ৮টার দিকে রংপুর থেকে জোয়ানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে সেলফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে আসছিল।
রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর নামক স্থানে পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সেলফি পরিবহনের চালকসহ ৫ জন নিহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের রংপুরের উপপরিচালক শামসুজ্জামান বলেন, আমরা ড্রাইভারসহ ৫ জনের লাশ উদ্ধার করেছি। আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন জানান, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে অংশ নেয়। নিহত কারোরই পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় ঢাকা-রংপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মহাসড়কে যানজট মুক্ত করা হয়।