ভারতে সাড়ে ৪০ কোটি ডোজ টিকাদান সম্পন্ন

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী মোকাবিলায় সফল টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪০ কোটি ডোজ টিকাদান সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রবিবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৫১ লাখ ১ হাজার ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়েছে।

টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪০ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৭১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এদিকে ভারতে ফের দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭ জন যা শনিবারের তুলনায় ৭.৪ শতাংশ বেশি।

দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫১৮ জনের।

ভারতে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৩ হাজার ৬০৯ জনের।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৪ জন। বর্তমানে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬০ জন।