ভারতে ভ্যাকসিন উৎপাদন, সরবরাহ অবস্থা জানতে দিল্লি গেলেন দোরাইস্বামী

ভারতের ভ্যাকসিন উৎপাদন, সরবরাহ অবস্থা জানতে দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নয়াদিল্লির উদ্দেশে রওনা হন তিনি। সকাল পৌনে ৮টার দিকে তিনি আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে যান। 

দোরাইস্বামী সাংবাদিকদের জানান, ‘ভারতে কোভিড-১৯ ভ্যাকসিনের উৎপাদন, সরবরাহের কী অবস্থা সেটি জানতে দিল্লি যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা করব।’ 

তিনি বলেন, ‘কম সময়ের মধ্যেই যেন বাংলাদেশ টিকা পায় সে চেষ্টা থাকবে।’

দোরাইস্বামী বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি যারা সেখানে আটকা পড়েছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আবেদন করলেই ভিসার মেয়াদ বাড়ানো হবে।’

দুদেশের মধ্যে সড়ক ও রেলপথ সংযোগ প্রকল্পের ব্যাপারে তিনি বলেন, ‘দুদেশের মধ্যে সড়ক ও রেলপথ সংযোগ দ্রুত শেষ করার লক্ষ্যে উভয় দেশ কাজ করে যাচ্ছে। এতে উভয়েই লাভবান হবে। তবে করোনাভাইরাসের কারণে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। এ রেলপথ নির্মাণকাজ চলতি বছরের ডিসেম্বর নাগাদ শেষ হয়ে যাবে।’

আশুগঞ্জ-আখাউড়া চার লেন প্রকল্পের কাজ চলছে উল্লেখ করে দোরাইস্বামী বলেন, ‘এই প্রকল্পের কাজ শেষ করতে আরো এক বছর সময় লাগবে।’

ভারতীয় হাইকমিশনার আখাউড়া স্থলবন্দরে পৌঁছলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার তাকে স্বাগত জানান।