প্রিমিয়ার লিগে স্বাধীনতা ক্রীড়া সংঘ

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা ও আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ নিশ্চিতে স্বাধীনতা ক্রীড়া সংঘের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। রবিবার কমলাপুর স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের সঙ্গে গোলশূন্য ড্র করে কাঙ্খিত পয়েন্টটি নিশ্চিত করে উল্লাসে মেতেছে দলটি।

এই ড্রয়ে অবশ্য হৃদয় ভেঙেছে নোফেল স্পোর্টিং ক্লাবের। এখন শেষ ম্যাচে জিতলেও স্বাধীনতাকে ছোঁয়ার উপায় নেই গত মৌসুমে প্রিমিয়ার থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া দলটির।

২২ ম্যাচে ১৩ জয়, ছয় ড্র ও তিন হারে ৪৫ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে স্বাধীনতা। এদিন অপর ম্যাচে ভিক্টোরিয়াকে ৮-২ গোলে হারিয়ে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে ফর্টিজ এফসি।

এক ম্যাচ কম খেলা নোফেলের সংগ্রহ ৪১। শেষ ম্যাচে ফরাশগঞ্জকে হারালে রানার্স-আপ হবে নোফেল।