মাছরাঙা টিভিতে শামীম রেজা জুয়েলের নাটক ‘নতুন ঠিকানায়’

ঈদের একক নাটক “নতুন ঠিকানায়” । নাটকটি পরিচালনা করেছেন শামীম রেজা জুয়েল এবং রচনা করেছেন জায়েদ জুলহাস। নাটকটি ঈদের তৃতীয় দিন শুক্রবার রাত ৯ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

নাটকটি ঢাকার উত্তরায় বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, জেরিন খান রত্না, নীলা ইসলাম, জায়েদ জুলহাস, তাহমিনা সঙ্গীতা। চিত্রগ্রাহক-রাজন রম, নির্বাহী প্রযোজক এন.এফ. আজমীর।

ইরফান সাজ্জাদ বলেন, “লকডাউনের কারণে বেশি নাটকের শুটিং করছি না। ঈদের ‘নতুন ঠিকানায়’ নাটকটি বেশ ভালো ভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। নাটকটিতে পারিবারিক মূল্যবোধের গল্প আছে । আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।”

তাসনুভা তিশা বলেন, “অনেক দিন পর অসাধারণ একটি গল্পে কাজ করেছি, যেখানে একজন নারী মা হতে না পারার কারণে সংসার জীবনে নেমে আসা অন্ধকারের গল্প তুলে ধরা হয়েছে।”

তিনি বলেন, “কোভিড ১৯ এর কারণে বেশি কাজ করছি না। শামীম রেজা জুয়েল ভাইয়ের ঈদের একক নাটক ‘নতুন ঠিকানায়’ নাটকটিতে কাজ করেছি।”

তিশা আরও বলেন, “ঈদের বেশ কিছু নাটকে কাজ করছি, তবে এই নাটকটিতে কাজ করে আমি তৃপ্তি পেয়েছি।”

নাটকটির পরিচালক বলেন, “ঈদকে সামনে রেখে আমি এই নাটকে একটি পারিবারিক মূল্যবোধের গল্প বলার চেষ্টা করেছি। পারিবারিক ও সামাজিক চাওয়া পাওয়ার কাছে হেরে যাওয়া একজন নারীর জীবনের গল্প এই নাটকটিতে তুলে ধরেছি। আশা করি দর্শকদের বেশ ভালো লাগবে।”

নাটকের গল্পে দেখা যাবে, “ভালোবেসে বিয়ে হয়েছিল আইরিন ও সজলের। ৬ বছরের সংসার নিজের মতো করে গুছিয়ে নিয়েছে আইরিন। শাশুড়ি, আত্মীয়-স্বজন সবার মধ্যমণি সে। একমাত্র ননদ খুশির সাথে ভাবির বোনের মতো সম্পর্ক। সবই তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ সবার কী এমন হলো? ননদ ছাড়া অন্য সবাই বদলে যেতে শুরু করল। এখন আর আইরিনকে কেউ গুরুত্ব দেয় না। আর সবার সঙ্গে সজলও বদলে গেছে। দিশেহারা আইরিন বুঝে উঠতে পারছে না কি করবে। এদিকে মা ছেলের দ্বিতীয় বিয়ের জন্য পাত্রীও ঠিক করে ফেলেছে। তাই কৌশলে এবার ঈদে আইরিনকে বাপের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত হয়। আইরিন ব্যাপারটা জেনে যায় কিন্তু মুখে কিছু না বললেও ভেতরে-ভেতরে ভেঙেচুড়ে যেতে থাকে। এভাবেই এগোতে থাকে ‘নতুন ঠিকানায়’ নাটকের গল্প ।