বাবাসহ করোনাভাইরাসে আক্রান্ত শুটার টুম্পা

জাতীয় শুটার জাকিয়া সুলতানা টুম্পা ও তার বাবা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দুজনের শরীরেই ভারতীয় ধরন বা ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গেছে বলে চিকিৎসকের বরাত দিয়ে দেশ রূপান্তরকে জানান টুম্পা।

সোমবার মুঠোফোনে টুম্পা বলেন, ‘চার দিন আগে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি। নমুনা দিয়েছিলাম আগের দিন।’

লালমনিরহাটে নিজের গ্রামের বাড়িতে রয়েছেন টুম্পা। বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা। তবে মাঝে তার বাবার অক্সিজেনের মাত্রা ওঠানামা করায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

টুম্পা বলেন, ‘ডাক্তার বলেছেন, আমাদের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। সুস্থ হতে একটু সময় লাগবে।’

নিজের ও বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

বিকেএসপিতে বেড়ে ওঠা ‍টুম্পা ২০০৯ সাল থেকে সিনিয়র জাতীয় শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন। ২০১৭ সালের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের চ্যাম্পিয়ন তিনি।

দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন টুম্পা। ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে অংশ নেন। দুই আসরেই দেশকে পদক উপহার দেন তিনি। ২০১৮ সালে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হয় তার। প্রথমবার খেলতে গিয়েই চতুর্থ হয়েছিলেন তিনি।