কোপা’র সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়ার তিনটি শট ঠেকানোর পর গোলরক্ষক এমিলিও মার্তিনেজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আবেগপ্রবণ পোস্ট দেন লিওনেল মেসি। লেখেন ‘ও একজন ফেনোমেনন’। সেই পোস্টে কী প্রতিক্রিয়া হয়েছিল তা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন কোপার সেরা খেলোয়াড় মার্তিনেজ, ‘(ওই পোস্ট দেখে) এরপর ফাইনালে কীভাবে আমি ভালো না খেলি! ওর জন্য আমি জীবন দিতে পারি, মরতে পারি। এখন আমার স্বপ্ন, আমরা তাকে (মেসিকে) যেন বিশ্বকাপটাও উপহার দিতে পারি।’ টাইব্রেকের সময় মেসি কী বলেছিলেন তা জানান ২৮ বছরের আর্জেন্টাইন গোলকিপার। ‘তিনি (মেসি) গোল করার পর চাইলেই আবার ফিরে সোজা মাঝবৃত্তের দিকে চলে যেতে পারতেন, কিন্তু সেটা না করে, তিনি আমার দিকে এলেন। বললেন, দেখো তুমি ঠিকই একটা শট ঠেকিয়ে দেবে! পরের শটটাই ঠেকিয়ে দিলাম আমি। তার প্রভাব এমনই। এটাকে শব্দে ব্যাখ্যা করা কঠিন। তিনি অসাধারণ একজন অধিনায়ক, দুনিয়ার সব দলই তাকে অধিনায়ক হিসেবে পেতে চাইবে।’ ইন্টারনেট।