কলমাকান্দায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুর্বৃত্তদের দাঁড়ালো অস্ত্রের আঘাতে সেনারুল (২৬) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক খুন হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কের আশারানি কুতিগাঁও নামক স্থানের এ ঘটনা ঘটে।

সেনারুল উপজেলার পাবই গ্রামের কাদির উদ্দিনের ছেলে। তিনি নিজেই অটোরিকশার মালিক ও নিজেই এর চালক।

নিহতের মামাতো ভাই হাবিবুর ইসলাম রাকিব জানান, সেনারুলকে ফোন দিলে তিনি ইজিরিকশা নিয়ে বের হন। অটোরিকশাটি ঘটনাস্থলে রয়েছে। চুরি করার উদ্দেশ্যে থাকলে রিকশাটি নিয়ে যেত। কে বা কারা তাকে পরিকল্পিতভাবে খুন করেছে জানতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরাকোণা থেকে আরেক অটোরিকশা চালক এ পথ দিয়ে যাওয়ার সময় সেনারুলকে ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কের আশারানি কুতিগাঁও নামক স্থানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ডাকচিৎকার দিলে স্থানীয়রা সেনারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, রাত সোয়া ১০টার দিকে সেনারুলকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কয়েকজন লোক। তার হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রক্তক্ষরণসহ গলায় দাগ পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যু নিশ্চিত করতে গলা চেপে ধরে রাখতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানা পুলিশ ও ডিবি যৌথভাবে কাজ করছে। অচিরেই এর রহস্য উন্মোচন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।