চট্টগ্রামে করোনায় রেকর্ড ১৫ মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রেকর্ড ১৫ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৯২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর আগে ১১ জুলাই জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

এই সময়ে শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৫৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৭২ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন শহরের ও দশজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৪৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়। এদিন চট্টগ্রামে করোনায় ছয় ব্যক্তির মৃত্যু হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭২ হাজার ৫৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮৫৬ জন।