ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৯ মৃত্যু

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (করোনা ডেডিকেটেড হাসপাতালে) মঙ্গলবার সকাল পর‌্যন্ত ২৪ ঘণ্টায় ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিল এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদের মধ্যে ফরিদপুর জেলার ১৩ এবং গোপালগঞ্জ, রাজবাড়ী ও মাদারিপুর জেলার রোগী ছিল। তাদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন।

হাসপাতালের এই পরিচালক আরও জানান, বর্তমানে ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩২৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘ্ণ্টায় ভর্তি হয়েছেন ৩৪ জন। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে। হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা 

ফরিদপুরর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৮০ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৯৭ জন। করোনার বিধিবিধান না মানার কারণেই ফরিদপুর বেড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্য। 

তিনি জানান, নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪২.৮৮ শতাংশ। ফরিদপুরে এ পর্যন্ত ১৬ হাজার ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসাবে এ পর্যন্ত ৩২৩ জনের মৃত্যু হয়েছে।