সায়মন ড্রিংয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিংয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে বিশ্ব জনমত গঠনে ব্রিটিশ এই সাংবাদিকের ভূমিকা ‍কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

গত শুক্রবার রোমানিয়ার একটি হাসপাতালে অস্ত্রোপচারের সময় সায়মন ড্রিংয়ের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

একাত্তরে সাংবাদিক সায়মন ড্রিংয়ের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানী হানাদার বাহিনীর ভয়াবহ গণহত্যার তথ্য ও প্রতিবেদন তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,“মুক্তিযুদ্ধের সপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত সৃষ্টিতে তিনি ভূমিকা রেখেছেন এবং  স্বাধীন বাংলাদেশের গণমাধ্যমের বিকাশে ও দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির পরিচালনাতেও তার অবদান রয়েছে।”

প্রধানমন্ত্রী প্রয়াত সায়মন ড্রিংয়ের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একাত্তরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো এই ব্রিটিশ সাংবাদিককে ২০১২ সালে মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ সরকার।