কুষ্টিয়ার মিরপুরে বাথরুম থেকে এক ওড়নায় ঝুলন্ত অবস্থায় ছেলে আনাজ (৬) মনিরা খাতুন (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হাসলা গ্রামের সলিম বিশ্বাসের বাড়ির বাথরুম থেকে এ মরদেহ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।
নিহতরা হলেন সলিম বিশ্বাসের পুত্রবধূ প্রবাসী তাইজেল বিশ্বাসের স্ত্রী মনিরা খাতুন এবং মনিরা খাতুনের একমাত্র ছেলে আনাজ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, বেলা ২টার দিকে স্থানীয়রা মরদেহ দেখে আমাদের জানায়। ঘটনাস্থলে গিয়ে দেখি ওই নারী এবং তার ছেলে বাথরুমে একই ওড়নায় ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে হালসা এলাকার নিজ বাড়ি থেকে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলোহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বুঝা যাবে। এঘটনায় কারো জড়িত থাকার বা সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তাকে আইনের আওতায় আনা হবে।