১৫ দিনে প্রবাসীরা ১১ হাজার কোটি টাকা পাঠিয়েছেন

পবিত্র ঈদুল আজহার মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১২৬ কোটি ৪১ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা ১০ হাজার ৭৪৪ কোটি টাকা।

প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ১৫ দিনে ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৮ কোটি ৭৮ লাখ ডলার, ডাচ্‌–বাংলা ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৯২ লাখ ডলার, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৭৬ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৬৪ লাখ ডলার।

বিদায়ী ২০২০–২১ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১০ হাজার কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। এই আয় ২০১৯-২০ অর্থবছরের ১ হাজার ৮০৩ কোটি ১০ লাখ ডলারের চেয়ে ৩৬ শতাংশ বেশি এবং ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় দ্বিগুণ। গত এক অর্থবছরে প্রবাসীরা যে অর্থ দেশে পাঠিয়েছেন, সেই অর্থে দেশে সাতটি পদ্মা সেতু বানানো সম্ভব। সর্বশেষ হিসাব অনুযায়ী, পদ্মা সেতু তৈরিতে ব্যয় হবে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

২০১৯-২০ অর্থবছরে সরকার দেশে প্রবাসী আয় পাঠানোর বিপরীতে ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করে। এরপর থেকেই বৈধ পথে প্রবাসী আয় আসা বাড়তে শুরু করে।