নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই তাদিওয়ানাশে মারুমানির হাতে ছক্কা খেয়ে বসেন মুস্তাফিজুর রহমান। তবে ফিজ ঠিকই তার প্রতিশোধ নিলেন। ওই ওভারের পঞ্চম বলেই জিম্বাবুয়েন ওপেনার ফেরালেন মুস্তাফিজ। সৌম্য সরকারের হাতে বন্দী হয়ে ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফিরলেন মারুমানি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৫ রান করেছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক রেগিস চাকাবা (১৪) ও ওপেনার ওয়েসলি মাধেভেরে (১২)।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে এক ইতিহাসে পা রেখছে বাংলাদেশ। এটি টাইগারদের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি।
হারারেতে নিজেদের শততম টি-টোয়েন্টি টসে হারে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
১০০তম টি-টোয়েন্টিতে হাঁটুর চোটের কারণে নেই তামিম ইকবাল। চোট থেকে সারতে ৮ সপ্তাহের বিশ্রাম দেওয়া টাইগারদের ওয়ানডে অধিনায়ককে। তবে সাড়ে চার বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামছেন নুরুল হাসান সোহান। দেশের হয়ে ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
অন্যদিকে বিশ্রাম দেওয়ায় জিম্বাবুয়ে দলে নেই ব্রেন্ডন টেলর। এ ছাড়া একাদশে নেই শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।
বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২৮ নভেম্বর ২০০৬ সালে। সেই ঐতিহাসিক যাত্রায় ৪৬ রানে জিতেছিল টাইগাররা। শততম টি-টোয়েন্টিতেও বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে প্রথম ও শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাক্ষী হয়ে থাকলেন সাকিব আল হাসান। এমন ইতিহাসে নাম লেখাতে পারতেন মুশফিকুর রহিমও। কিন্তু ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজের আগে দেশে ফিরে আসেন তিনি।
এর আগে সফরের একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।