শততম টি-টোয়েন্টি খেলতে নেমে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ২২ জুলাই ২০২১, ০৪:১৫ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে এক ইতিহাসে পা রাখছে বাংলাদেশ। এটি টাইগারদের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

নিজেদের শততম টি-টোয়েন্টি টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৪.৩০ মিনিটে হারারেতে শুরু হবে ম্যাচটি।

১০০তম টি-টোয়েন্টিতে হাঁটুর চোটের কারণে নেই তামিম ইকবাল। চোট থেকে সারতে ৮ সপ্তাহের বিশ্রাম দেওয়া টাইগারদের ওয়ানডে অধিনায়ককে। তবে সাড়ে চার বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামছেন নুরুল হাসান সোহান। দেশের হয়ে ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই  উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

অন্যদিকে বিশ্রাম দেওয়ায় জিম্বাবুয়ে দলে নেই ব্রেন্ডন টেলর। এ ছাড়া একাদশে নেই শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।

বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২৮ নভেম্বর ২০০৬ সালে। সেই ঐতিহাসিক যাত্রায় ৪৬ রানে জিতেছিল টাইগাররা। শততম টি-টোয়েন্টিতেও বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। 

বাংলাদেশের হয়ে প্রথম ও শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাক্ষী হয়ে থাকলেন সাকিব আল হাসান। এমন ইতিহাসে নাম লেখাতে পারতেন মুশফিকুর রহিমও। কিন্তু ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজের আগে দেশে ফিরে আসেন তিনি।

এর আগে সফরের একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাবা (উইকেটরক্ষক), তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ডিয়ন মায়ার্স, লুক জংওয়ে, ওয়েলিংটন, মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এগারাবা।

 আরও পড়ুন...অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা বিসিবির

×
সর্বশেষ সর্বাধিক পঠিত