টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়ায় ৩৮ যাত্রী নিয়ে একটি পিকনিকের লঞ্চ ডুবে গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে লঞ্চটি ডুবে যায়। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি হারুনুর রশিদ বলেন, '৩৮ যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় সবাই উদ্ধার হয়েছে। কেউ নিখোঁজ বা আহত নেই। লঞ্চটি উদ্ধারে কাজ চলছে।
জানা গেছে, ঈদ উপলক্ষে জেলার সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের ৩৮ বন্ধু মিলে একটি পিকআপ ভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পর্ট বাসুলিয়ায় (চাপড়া বিল) বেড়াতে যান। পরে তারা সেখানে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘোরেন। সাউন্ড সিস্টেমে গানের তালে তালে নাচানাচির একপর্যায়ে লঞ্চটি হঠাৎ করে ডুবে যায়।
লঞ্চটিতে থাকা নূর আলম বলেন, আমরা ৩৮জন মিলে ঈদ উপলক্ষে পিকআপ ও সাউনন্ড সিস্টেম ভাড়া করে পিকনিক স্পর্ট বাসুলিয়ায় বেড়াতে যাই। সেখান থেকে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘুরি করি। গানের তালে তালে সবাই নাচছিল। একপর্যায়ে লঞ্চটি ডুবে যায়। পরে অন্যান্য নৌকার যাত্রীদের সহযোগিতায় সবাই উঠে আসি। আর কেউ নিখোঁজ নেই। সবাই সুস্থ আছে। তবে আমাদের ৩৫ মোবাইল ফোন পানিতে তলিয়ে গেছে।