দেশের ফেরি ঘাটগুলোর মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ঘাট দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮ শ ৬৩ যানবাহন পারাপার হয়েছে। এ সময় ৩৩ হাজারেরও বেশি যাত্রী ফেরিতে ঘাট পার হয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন শুক্রবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
স্বাভাবিক সময়ে রাজবাড়ী দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ফেরিতে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন পার হয়।ঈদের আগে ও পরে এই সংখ্যা বেড়ে যায় ২ থেকে ৩ গুন।
মো. শিহাব উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত মোট ৫ হাজার ৮৬৩ টি যানবাহন নদী পার হয়েছে। এর মধ্যে দূরপাল্লার বাস ৯৩৩, প্রাইভেটকার-মাইক্রো ৪ হাজার ৭৮০, পণ্যবাহী ট্রাক ১৫০।
যাত্রী সংখ্যা বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ফেরি দিয়ে মোট যাত্রী পারাপার হয়েছেন ৩৩ হাজার ৪ শ ৯৮ জন।
তিনি আরও জানান, গত চব্বিশ ঘণ্টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ৭০০ মোটরসাইকেলও নদী পার হয়েছে। ১৬ টি ফেরি ২১৫ ট্রিপে যানবাহন ও যাত্রী পারাপার করে।