ভাইয়ের নির্মাণে কোনালের মিউজিক ভিডিও

ফ্রান্সের জনপ্রিয় গান ‘লা ভি অঁ রোজ’-এর ইংরেজি ভার্সন অনেকেই গেয়েছেন। গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় লুইস আর্মস্ট্রং এর কণ্ঠে। সেই ইংরেজি গানটি এবার গাইলেন কণ্ঠশিল্পী কোনাল। তবে সঙ্গে নিজেও কিছু যোগ করেছেন।

সোমনুর মনির কোনাল বলেন, ‘ওই গানটির সঙ্গে ফিল রেখে আমি কিছু বাংলা লাইন যোগ করে গেয়েছি। ‘লা ভি অঁ রোজ’গানটি আমার খুবই প্রিয়। তাই কাভারের জন্য গানটি বেছে নেওয়া। আর আমার একমাত্র ছোট ভাই অর্ক। সে গানটির ভিডিও বানিয়েছে। নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও অর্ক বিশ্বের বিভিন্ন দেশের প্রচুর সিনেমা, সিরিজ দেখে, গান শোনে। এসব নিয়ে তার সীমাহীন জ্ঞান। পরিচালনার জন্য লাইট, ক্যামেরা, ফ্রেমিং সবকিছুতে অর্কের জ্ঞান অনেক ম্যাচিউরড। এজন্য অনেকটা জোর করে আমার গানটির ভিডিও বানাতে বলি তাকে। মাত্র তিন ঘণ্টাতে সে কাজটি করেছে।আশা করি সবার ভালো লাগবে কাজটি।’

গানটিতে যুক্ত হয়েছেন শিল্পীর একমাত্র ছোট ভাই মনোময় মনির অর্ক। গানটির ভিডিও নির্মাণ করেছেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন দেশে কড়া লকডউন চলছিলো সে সময় শিল্পী কোনালের নিজের বাসায় গানটির ভিডিও শুটিং করেছে অর্ক। গানটি কোনালের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

নির্মাণে অর্কের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। পূর্ব অভিজ্ঞতা ছাড়াই প্রথমবার কোনো কিছু পরিচালনা করেছেন। অর্ক জানান, অনেকটা শখের বশে ও বোনের আবদারে কাজটি করেছি।