পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য ‘হাঁড়িভাঙ্গা’ আম শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে।
এর আগে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এই উপহার বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করে।
বিখ্যাত ‘হাঁড়িভাঙ্গা’ আম উপহার গ্রহণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এর আগে গত সোমবার মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বন্ধুত্বের নিদর্শন’ হিসেবে ৫০০ কেজি হাঁড়িভাঙ্গা আম পাঠানোর এই খবর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। তারও আগে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আম পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, মৌসুমি ফলের উপহার পেয়ে তিনি ‘অভিভূত’।