ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির ফলে বন্যা ও তার জেরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৩৬ হয়েছে। ইতিমধ্যেই ৮৪ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। ছয় জেলায় জারি হয়েছে লাল সতর্কতা।
রাজ্য সরকারের তরফে জানানো হয়, রাইগড় ও সাতারা জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। রাইগড়ের মাহাদ মহকুমায় ভূমিধসের ফলে একটি গ্রামের ৩৮ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া বন্যার জেরে পুণে ডিভিশন থেকে মোট ৮৪ হাজার ৪৫২ জনকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে শুধুমাত্র কোলাপুর জেলা থেকেই ৪০ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। সাংলি জেলা থেকে ৩৬ হাজার মানুষকে নিরাপদ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৫৪টি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। আরও ৮২১টি গ্রামের কিছু এলাকা পানির তলায়।
উদ্ধারকাজে রাজ্য ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনা ও নৌবাহিনীও যোগ দিয়েছে। হেলিকপ্টারে করে দুর্গতদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। নামানো হয়েছে নৌকা।
ইতিমধ্যে রাইগড় জেলায় ভূমিধসে মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।