শাহজাদপুরে লকডাউনে মেলা, ১ লাখ টাকা জরিমানা

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মেলার আয়োজন করায় আয়োজক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার কৈজুরি বন্যানিয়ন্ত্রণ বাঁধের ‘রিভার ভিউ’ কফি হাউজ লকডাউন অমান্য করে ঈদের দিন থেকে অবৈধ মেলার আয়োজন করে। খবর পেয়ে শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেনের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কফি হাউজকে ১ লাখ টাকা জরিমানা ও কফি হাউজটি বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন জানান, রিভার ভিউ কফি হাউজ কর্তৃপক্ষ আইন শৃঙ্খলার তোয়াক্কা না করে লকডাউনের মধ্যে মেলা বসিয়ে হাজার হাজার লোক সমাগম করে আসছিল। এতে শাহজাদপুরে করোনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে শাহজাদপুর উপজেলা প্রশাসন ওখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের টিম ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা পেয়ে ওই কফি হাউজের ৩ কর্মচারীকে আটক করে। এ সময় মালিক সেখানে উপস্থিত না থাকায় ১ লাখ টাকা জরিমানা করে কর্মচারীদের ছেড়ে দেয়া হয় ও কফি হাউজটি বন্ধ করে দেয়া হয়।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, আমরা কঠোর লকডাউন পালনের স্বার্থে দ্রুত পদক্ষেপ নিয়ে কফি হাউজটি বন্ধ করে দিয়েছি। আবারও কফি হাউজটি চালানোর চেষ্টা করা হলে মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।