ফরিদপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ‘প্রতিপক্ষের’ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ও গতকাল শনিবার সকালে উপজেলার কাটাখাল ও ফকিরপাড়া এলাকায় কয়েক দফায় এ ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয় বলে জানায় এলাকাবাসী। এর মধ্যে শহীদ ফকির (৪৭) নামে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর ওইদিন (শুক্রবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়দের ভাষ্য, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল আলম মিনার এবং তার প্রতিদ্বন্দ্বী মান্নান মাতুব্বর গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছে। আর এ কারণে নিজেদের আধিপত্যকে টিকিয়ে রাখতে প্রায় সময়ই এ ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে তারা।

অভিযুক্ত নুরুল আলম মিনার উপজেলা আওয়ামী লীগের সদস্য। আর মান্নান মাতুব্বর পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক। বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।