ধুঁকছেন গান্ধী টুপির ডাব্বাওয়ালারা

মহামারীর কারণে ভারতের ব্যস্ত শহর মুম্বাইয়ের অধিকাংশ প্রতিষ্ঠানই বন্ধ রাখা হয়েছে। আর এতে সংকটে পড়েছে ১৩০ বছরের ঐতিহ্যবাহী ডাব্বাওয়ালা পেশার মানুষেরা। প্রতিষ্ঠানগুলো খোলা থাকলে এই ডাব্বাওয়ালারা প্রতিদিন নিয়ম করে কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবরাহ করত। কিন্তু মহামারীর কারণে তা করা যাচ্ছে না। তবে এএফপির প্রতিবেদন বলছে, মহামারীর এই সুযোগ কাজে লাগিয়ে রেস্টুরেন্টভিত্তিক খাবারের নতুন সাপ্লাই চেইন গড়ে উঠছে, যা ডাব্বাওয়ালাদের চিন্তার কারণ। মহামারী একসময় শেষ হলেও, নতুন এই সাপ্লাই চেইনের সঙ্গে ডাব্বাওয়ালারা পাল্লা দিয়ে আগাতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সন্ত্রাসী হামলা হোক বা বন্যাই হোক, গত দুই দশকে কৈলাশ সিন্ধে একদিনের জন্যও মুম্বাইয়ের অফিস শ্রমিকদের কাছে খাবার নিয়ে যেতে ভুল করেননি। কিন্তু লকডাউনের কারণে দুই সন্তানের বাবা কৈলাশকে এখন বছরজুড়েই বসে থাকতে হচ্ছে। এএফপিকে তিনি বলেন, ‘এটা আমার জন্য খুব কষ্টকর। আমাকে যে হাতের কাছে যা পাচ্ছি তাই বিক্রি করে সংসার চালাতে হচ্ছে।’

গান্ধী টুপি এবং সাদা পোশাক পরা প্রায় পাঁচ হাজার ডাব্বাওয়ালার একজন সিন্ধে। সময়মতো খাবার পৌঁছে দেওয়া এবং বাসায় তৈরি করা খাবার সরবরাহের জন্য এই ডাব্বাওয়ালারা পেয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতি। প্রতিদিন ডাব্বাওয়ালারা মুম্বাইয়ের ব্যস্ত এলাকায় দুই লাখ খাবারের বক্স সরবরাহ করত সাইকেল, ঠেলা গাড়ি ও ট্রেনের মাধ্যমে। হার্ভার্ড বিজনেস স্কুল তাদের কাজকে ‘মডেল অব সার্ভিস এক্সেলেন্স’ হিসেবেও স্বীকৃতি দেয়। রিচার্ড ব্রানসন, প্রিন্স চার্লস ও ফেডেক্স, আমাজানসহ আরও অনেক বড় প্রতিষ্ঠানের সিইওরা এই ডাব্বাওয়ালাদের কাছে এসেছিলেন। কিন্তু লকডাউন আজ তাদের পথে বসিয়েছে। মুম্বাইয়ের হোয়াইট কলার জবের লোকজন বাসায় বসেই কাজ করছে। কিন্তু এই ডাব্বাওয়ালাদের সেই উপায় নেই।

নতুন মুম্বাই টিফিন বক্স সাপ্লাইয়ার চ্যারিটি ট্রাস্টের কর্মকর্তা উলহাস মুকে বলেন, ‘আমাদের সদস্যদের এখন নিরাপত্তাকর্মী ও দিনমজুরি করে চলতে হচ্ছে। কেউ কেউ রেস্টুরেন্টের সরবরাহকর্মী হিসেবে যোগ দিচ্ছেন।’ সমস্যা হলো, এর মধ্যেই ভারতে জোমেটোর মতো বিশাল প্রতিষ্ঠান রেস্টুরেন্টভিত্তিক খাবার সরবরাহ ব্যবস্থায় প্রবেশ করেছে, যারা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে। সম্প্রতি জোমেটোর ব্যবসা এতটাই বেড়েছে যে তারা শেয়ারবাজারে তাদের শেয়ার এনেছে।