সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকার ‘রিভার ভিউ কফি হাউজ’ কঠোর লকডাউন অমান্য করে ঈদের দিন থেকে অবৈধ মেলা চালায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেনের নেতৃত্বে গত শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে।
শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন জানান, কঠোর লকডাউন অমান্য করে ঈদের দিন থেকে রিভার ভিউ কফি হাউজ কর্তৃপক্ষ আইনশৃঙ্খলার তোয়াক্কা না করে সেখানে অবৈধ মেলা বসিয়ে হাজার হাজার লোক সমাগম করে আসছিল। এতে শাহজাদপুরে করোনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার আংশকা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা পেয়ে ওই কফি হাউজের তিন কর্মচারীকে আটক করে। এ সময় মালিক সেখানে উপস্থিত না থাকায় তাদের ১ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয় ও প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছি।