চলমান কঠোর বিধিনিষেধে নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে পণ্য দিতে আবার ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রির কার্যক্রম শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার এ কার্যক্রম শুরু করা হবে মর্মে টিসিবির তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায় ।
সারা দেশে ৪৫০ ট্রাকে করে কম দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে সরকারি এ সংস্থাটি।
টিসিবি বলছে, কাল (সোমবার) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৬ আগস্ট পর্যন্ত। ছুটির দিন ব্যতীত বিক্রি চলবে ।
টিসিবির এবার ট্রাকে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকায় এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করবে। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে এক কেজি প্যাকেটজাত চিনি ৭৮ টাকা ও খোলা চিনি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বড় দানার মসুর ডাল প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা, মাঝারি দানা ৮০ থেকে ৯০ টাকা এবং সরু দানার মসুর ডাল ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
টিসিবি জানিয়েছে, প্রতি ট্রাকে থাকবে ৫০০ থেকে ৮০০ কেজি চিনি, সয়াবিন তেল ৮০০ থেকে ১ হাজার ২০০ লিটার ও মসুর ডাল ৩০০ থেকে ৬০০ কেজি। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও পাঁচ লিটার তেল কিনতে পারবেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, শোকাবহ অগাস্ট মাস এবং চলমান কঠোর লকডাউন পরিস্থিতি বিবেচনায় ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিপণনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় তথ্য বিবরণীতে।
এর আগে কোরবানি ঈদ ও লকডাউন সামনে রেখে ৪ জুলাই থেকে খোলাবাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
তখন ঈদের ছুটির আগে পর্যন্ত পণ্য বিক্রি করা হয়। ওই সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টিসিবির ট্রাকগুলোতে পণ্য কিনতে ব্যাপক ভিড় দেখা যায়।