৩৮ পুলিশ কর্মকর্তার র‌্যাবে পদায়ন বাতিল

বেতনভাতাদি উত্তোলনের সুবিধার্থে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৮ কর্মকর্তার র‌্যাবে পদায়ন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রবিবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বেতনভাতাদি উত্তোলনের সুবিধার্থে র‌্যাবে উপপরিচালক পদে পদায়ন বাতিল পূর্বক ‘পুলিশ সুপার’ পদমর্যাদার ৩৮ কর্মকর্তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্তি প্রদান করা হলো। পদোন্নতি পাওয়া ৪৮ পুলিশ কর্মকর্তাকে র‌্যাবে পদায়ন করে গত ১৬ মে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে র‌্যাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কোথাও পদায়ন না হওয়ার কারণে গত তিন মাস থেকে তারা বেতন পাচ্ছিলেন না। এতে ওই ৩৮ এসপি মানসিক হতাশার মধ্যে পড়েছিলেন। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফা বৈঠকে বসলেও কোনো সমাধান বের করতে পারেননি। পরে তাদের মধ্যে থেকে নয়জনকে গত ১ জুলাই র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নে নিয়োগ দেওয়া হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে এক কর্মকর্তা মোবাইল ফোনে অসৌজন্যমূলক কথা বলায় তাকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০০৪ সালে র‌্যাব গঠনের পর একই বছরের ১৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। এতে র‌্যাবের জন্য মঞ্জুরিকৃত ৫ হাজার ৫২১টি পদে বিভিন্ন বিভাগ, বাহিনী ও সংস্থা থেকে কর্মকর্তা-কর্মচারী প্রেষণে নিয়োগের জন্য কোটা পুনর্নির্ধারণ করা হয়। এতে উল্লেখ করা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) থেকে ৪৪ শতাংশ, পুলিশ থেকে ৪৪ শতাংশ, বিজিবি থেকে ৬ শতাংশ, আনসার ও ভিডিপি থেকে ৪ শতাংশ, কোস্টগার্ড থেকে ১ ও সিভিল প্রশাসন থেকে ১ শতাংশ কোটা নির্ধারণ করা হয়।