পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জাফর জোমাদ্দারকে অনৈতিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম রাজ্জাক খান এবং যুগ্ম আহ্বায়ক কবির হোসেন রিপন মোল্লা ও নজরুল ইসলাম হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, ২২ জুলাই রাতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে জাফর জোমাদ্দার ও একই এলাকার মেহেদী হাসান মুন্না নামের দুজনকে একজন পতিতাসহ আটক করে পুলিশ। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে মহিপুর থানায় দায়ের করা মাদক মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়।
ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন রিপন মোল্লা জানান, মাদকসহ অসামাজিক কার্যকলাপে যুক্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, অসামাজিক কার্যকলাপে জড়িতদের আওয়ামী লীগে স্থান নেই।