টিকাদান কম যেখানে সেখানে ডেল্টার দাপট : ফাউচি

যেসব এলাকায় টিকাদানের হার কম, সেখানে করোনাভাইরাসের ডেল্টার সংক্রমণ বাড়ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি। টিকা না নেওয়া মানুষের মধ্যে যে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে, তা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভুলপথে হাঁটছে বলেও তিনি জানান।

ফাউচি বলেন, যারা টিকা নিয়েছেন, তাদের ব্যাপারে মাস্ক ব্যবহারের যে গাইডলাইন ছিল, তাতে আবারও পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছেন স্বাস্থ্য বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে কি না, তা নিয়েও পর্যালোচনা চলছে।

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে সিএনএনের সঙ্গে কথা বলেছেন ফাউচি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ এই উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে এখন ‘এই মহামারনী বিরাজ করছে টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে’।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫২ লাখের বেশি মানুষ। আর মারা গেছেন ৬ লাখ ২৬ হাজারের বেশি। এই সংক্রমণ মোকাবিলায় টিকা কার্যক্রম বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ১৬ কোটির বেশি মানুষকে টিকা দিয়েছে তারা। যা মোট জনসংখ্যার ৪৯ শতাংশের বেশি। কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে টিকা কার্যক্রম এগিয়ে নিতে চেয়েছিল, তাতে খানিকটা ব্যর্থ হয়েছে। গত এপ্রিল পর্যন্ত টিকাদানে যেকোনো দেশের তুলনায় এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। এর পর থেকে দেশটিতে টিকাদান কার্যক্রম হ্রাস পেতে থাকে। নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা ঘোষণা করে অঙ্গরাজ্য প্রশাসন। কিন্তু তা খুব কাজে আসেনি।