ঢামেক হাসপাতাল

প্রথমবারের মতো প্রণোদনা পেলেন নার্সরা

প্রথমবারের মতো করোনার প্রণোদনা পেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। গতকাল সোমবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক নিজ কক্ষে ১০ জনের দেয় প্রণোদনার চেক তুলে দেন।

ব্রি. জে. নাজমুল হক বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে আমাদের নার্সরা অক্লান্ত পরিশ্রম করেছে। জীবন বাজি রেখে রোগীদের চিকিৎসা দিয়েছে। এর মধ্যে অনেকেই মারা গেছে। আবার এক হাজারের মতো আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশের এ অবস্থায়ও নার্সরা তাদের কাজ করে যাচ্ছে। এ কাজের জন্য সরকার ঘোষিত প্রণোদনা তাদের হাতে তুলে দেওয়া হলো। আজ (গতকাল) ১০ জনের হাতে প্রণোদনার চেক তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তালিকায় থাকা ১ হাজার ১৬২ জনকে এই চেক দেওয়া হবে। এই প্রণোদনার চেক দিয়ে নিজের কাছেও অনেক ভালো লাগছে। আমি মনে করি, এতে হাসপাতালের রোগীদের সেবার মান ভালো হবে।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পরিচালক বলেন, ‘সম্মুখ সারির যোদ্ধারা হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের জন্য এই প্রণোদনার ব্যবস্থা করার জন্য। ইতিমধ্যে চিকিৎসক ও অন্যান্য কর্মচারী-কর্মকর্তা এই প্রণোদনা পেয়েছেন। বাকিরাও এই প্রণোদনা পাবেন।’

নার্সেস অ্যাসোসিয়েশনের ঢামেক শাখার সভাপতি মোহাম্মদ কামাল পাটোয়ারী বলেন, ‘করোনার শুরু থেকেই আমাদের নার্সরা জীবন বাজি রেখে করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছে। এখনো চিকিৎসা দিয়েই যাচ্ছে। করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে অনেকেই মারা গেছে। এই প্রণোদনার জন্য প্রধানমন্ত্রী ও হাসপাতাল পরিচালককে ধন্যবাদ জানান তিনি।