উইন্ডিজের সিদ্ধান্তে রেগে আগুন ইনজামাম

ওয়েস্ট ইন্ডিজের সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।

করোনা হানার মাঝে সূচি বদল করে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ শেষ করেছে উইন্ডিজ। কিন্তু এই সূচি বদলের প্রভাব পড়েছে পাকিস্তানের বিপক্ষে সিরিজে। একটি ম্যাচ ছেঁটে ফেলা হয়েছে সূচি থেকে।

পাঁচটি টি-টোয়েন্টির বদলে এখন চার ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। যা মানতে পারছেন না ইনজামাম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (ডব্লিউআইসিবি) দুই সংস্থাকেই একহাত নিয়েছেন তিনি।

এক ভিডিও বার্তায় ইনজামাম বলেছেন, ‘আমি বুঝতে পারছি না পাকিস্তান ক্রিকেট বোর্ড কীভাবে এতে রাজি হলো? অথবা ওয়েস্ট ইন্ডিজই বা কী করে এমন একটা প্রস্তাব দিল? আমরা সবাই জানি, কোভিড-১৯ এর কারণে ওয়ানডে সিরিজের (অস্ট্রেলিয়ার বিপক্ষে) নতুন সূচি করতে হয়েছে। কিন্তু এটার সঙ্গে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজের সম্পর্ক কী? পিসিবি এটা মেনে নিল কীভাবে?’

ইনজামাম মনে করেন ওয়েস্ট ইন্ডিজের উচিত ছিল, অস্ট্রেলিয়া সিরিজ থেকেই ম্যাচ বাতিল করা। বলেন, ‘যদি একটা ম্যাচ বাতিল করতে হতো, সেটা অস্ট্রেলিয়া সিরিজ থেকে করতে হতো। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড যা করেছে, তা পাকিস্তান ক্রিকেটের জন্য অপমানজনক। আমি সত্যিই বিস্মিত যে পাকিস্তান অপমানিত হতে রাজি হয়ে গেছে। আপনি এটা করতে পারেন না। এগুলো আন্তর্জাতিক ম্যাচ। কোনো ক্লাব ম্যাচ নয় যে, আপনি বলবেন আমি এই দলের সঙ্গে খেলব আর ওই দলের সঙ্গে খেলব না।’

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ এরই মধ্যে শেষ হয়েছে। সোমবার রাতে শেষ ওয়ানডে ম্যাচ ৬ উইকেটে জিতে নিয়েছেন অজিরা। সুবাদে সিরিজও ২-১ এ পক্ষে গেছে তাদের।