স্ত্রীকে আপা বলে সম্বোধন
মো. নাঈমুল হক, পরশুরাম, ফেনী
প্রশ্ন : এক ব্যক্তি তার স্ত্রীকে ভালোবেসে কখনো কখনো আপু মনি বলে ডাকে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো অসুবিধা আছে কি?
উত্তর : স্ত্রীকে এভাবে সম্বোধন করা মাকরূহ ও গোনাহের কাজ। হাদিস শরিফে এসেছে, এক ব্যক্তি তার স্ত্রীকে বোন বলে সম্বোধন করল। হজরত রাসুলে কারিম (সা.) তা শুনে এ থেকে তাকে নিষেধ করলেন। আবু দাউদ : ২২০৪
স্ত্রীকে আপা কিংবা বোন বলার মতো স্বামীকেও ভাই বলে সম্বোধন করা নিষেধ। তাই এমন বলা থেকে বিরত থাকতে হবে। অবশ্য এ কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। আল বাহরুর রায়েক : ৪/৯৮
স্ত্রী কর্র্তৃক স্বামীকে রক্ত দেওয়া
সাদেকুর রহমান, মদনপুর, নারায়ণগঞ্জ
প্রশ্ন : অসুস্থ অবস্থায় স্বামী তার স্ত্রীকে রক্ত দিতে পারবে কি?
উত্তর : হ্যাঁ, স্বামী স্ত্রী একে অন্যকে রক্ত দিতে পারবে। এতে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।
স্ত্রীকে বোন বলে পরিচয় দেওয়া
মো. আবদুল্লাহ, পাঁচবাগ, ময়মনসিংহ
প্রশ্ন : এক লোক হঠাৎ বিয়ে করে ফেলেছে। বন্ধু-বান্ধবদের জানানোর সুযোগ পায়নি। একদিন সে তার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছিল, পথিমধ্যে তার এক বন্ধু তাকে বলল, সঙ্গের মেয়েটি কে? সে তখন কৌশলগতভাবে বলল, আমার বোন। এভাবে স্ত্রীকে বোন বলার কারণে তার স্ত্রী কী হারাম হয়ে গেছে?
উত্তর : স্ত্রীকে বোন বলার কারণে সে স্বামীর জন্য হারাম হয়ে যায়নি। তবে বোন বলার কারণে দুটি গোনাহ হয়েছে। ১. স্ত্রীকে বোন বলা শরিয়তে নিষিদ্ধ। ২. মিথ্যা হারাম কাজ। সুতরাং লোকটিকে তওবা করে নিতে হবে। আদ দুররুল মুখতার : ৩/৪৭০
উল্লেখ্য, মিথ্যাকে পাপের জননী বলা হয়। জীবনের সবক্ষেত্রে মিথ্যা বর্জনীয়। আর বিয়ে করা পাপের কিছু নয়, এটা গোপন রাখার চেয়ে বলে দেওয়াই উত্তম। দাওয়াত খাওয়ানোর ভয়ে বিয়ে গোপন রাখা ঠিক নয়, সামর্থ্য থাকলে খাওয়াবে; না হলে এমনিই বলবে আমি বিয়ে করেছি।
স্বামী-স্ত্রীর একসঙ্গে জামাতে নামাজ
মুহাম্মদ রাফিন, আশুলিয়া, ঢাকা
প্রশ্ন : দুলাভাই মাঝেমধ্যে আপাকে নিয়ে একসঙ্গে জামাতে নামাজ পড়েন। দুলাভাই কিছুটা সামনে দাঁড়ান আর বোন এক পাশে একটু পেছনে দাঁড়ায় এবং তাদের দুজনের মধ্যে একটা চেয়ারও থাকে। উল্লিখিত অবস্থায় কি তাদের নামাজ শুদ্ধ হয়?
উত্তর : হাদিস শরিফে মহিলাদের পুরুষের পেছনে দাঁড়াতে নির্দেশ করা হয়েছে। তাই স্বামী-স্ত্রী দুজনে মিলে নামাজ পড়লেও স্ত্রী পেছনের কাতারে দাঁড়াবে। তবে প্রশ্নোক্ত ক্ষেত্রে উভয়ের নামাজ হয়ে গেছে। তাবয়িনুল হাকায়েক : ১/৩৫২
স্ত্রীকে সঙ্গে নিয়ে জামাতে নামাজ
মুহাম্মদ আরিফুল হক, চান্দিনা, কুমিল্লা
প্রশ্ন : কখনো মসজিদে যেতে দেরি হলে বাড়িতে স্ত্রীকে নিয়ে জামাত করি। এক্ষেত্রে তাকে আমার ডান পাশে একটু পেছনে দাঁড় করাই। অর্থাৎ তার পায়ের আঙুল আমার গোড়ালির পরে হয়ে থাকে। এ নিয়ম কি ঠিক আছে?
উত্তর : না, প্রশ্নোক্ত নিয়ম ঠিক নয়। এক্ষেত্রে সঠিক নিয়ম হলো স্ত্রীকে নিজের এক কাতার পেছনে দাঁড় করানো। হাদিস শরিফে আছে, হজরত আনাস (রা.) বলেন, ‘আমাদের ঘরে আমি এবং এক এতিম হজরত রাসুলুল্লাহ (সা.)-এর পেছনে (জামাতের সঙ্গে) নামাজ পড়েছি। আর আমাদের পেছনে আমার মা উম্মে সুলাইম (ইকতিদা করেন)। সহিহ্ বোখারি : ৭২৭
তবে প্রশ্নোক্ত ক্ষেত্রে নিয়মসম্মত না হলেও আপনাদের ওই নামাজগুলো আদায় হয়ে গেছে। উল্লেখ্য যে, উম্মে সুলাইম (রা.) হজরত নবী কারিম (সা.)-এর মাহরাম ছিলেন। ফাতাওয়া খানিয়া : ১/৯৫