উদ্ধার হওয়া ৭৩ কচ্ছপ দিঘিতে অবমুক্ত

বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকা থেকে উদ্ধার হওয়া ৭৩টি সুন্ধি কচ্ছপ ঐতিহাসিক হযরত খানজাহান আলী মাজারের দিঘিতে অবমুক্ত করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে অবস্থিত মাজারের দিঘিতে কচ্ছপগুলো অবমুক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এর আগে গত জানুয়ারিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ৫২টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে ষাটগম্বুজ মসজিদের ঘোড়া দিঘিতে অবমুক্ত করেছিল। হারিয়ে যেতে বসা মিঠা পানির বিরল প্রজাতির এই কচ্ছপ রক্ষায় সংরক্ষিত এলাকায় বন বিভাগ এ উদ্যোগ নিয়েছে।

খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, গত সোমবার মোংলার দিগরাজ বাজার এলাকা থেকে ৭৩টি সুন্ধি কচ্ছপসহ একজনকে আটক করা হয়। কচ্ছপগুলোকে নিরাপদে প্রকৃতিতে ফিরিয়ে দিতে মাজার দিঘিতে অবমুক্ত করা হয়েছে। এই সুন্ধি কচ্ছপগুলো এক সময়ে খাল বিল জলাশয় ও পুকুরে দেখা যেত। কিন্তু মানুষের নির্বিচার শিকারে এই প্রজাতিটি আজ প্রায় বিলুপ্তির পথে।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, বন্যপ্রাণীকে তাদের স্বাভাবিকভাবে প্রকৃতিতে বিচরণের সুযোগ দিতে হবে। কোনোভাবেই শিকার বা বিক্রি করা যাবে না। তাই উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে নিরাপদ আবাসস্থল মিঠা পানিতে অবমুক্ত করা হয়েছে।