খুলনার তিন হাসপাতালে আরও ১২ মৃত্যু

খুলনার তিনটি হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও চারজন উপসর্গে।

করোনায় মৃত ব্যক্তি হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জের আ. সালাম (৬৫)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৭ জন। যার মধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়েলো জোনে ৪৮ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- নগরীর ছোট বয়রা এলাকার এমএ রউফ (৮২), লবনচরা ওয়াজেদনগরের মো. ফারুক হোসেন (৬২) ও রূপসা রহিমনগরের আব্দুল আজিজ (৮০)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪০ জন।

এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগী ভর্তি হয়। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- নগরীর আহসান আহমেদ রোডের রবিন্দ্রনাথ দাস (৬৪), টুটপাড়া মহিরবাড়ীর খালপাড়ের তরিকুল ইসলাম (৬৩), ৩নং ধর্মসভা ক্রস রোডের স্বপ্না ওরফে লিনা নাসরিন (৪২) ও দৌলতপুরের মুন্সিপাড়ায় মাহাবুবা আনোয়ারা (৪০)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। আইসিইউতে ৯ জন ও এইচডিইউতে ৯ জন রয়েছেন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। এর মধ্যে ১৯ জন পুরুষ ও ২১ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।