মাছ ধরা শেষে বাড়ি ফেরা হলো না স্ত্রী ও স্বামীর

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার বানিয়াজান ইউনিয়নের উত্তর পাড়া এলাকার হেলাল উদ্দিন (৪৫) ও তার স্ত্রী সুন্দরী বেগম (৪০)। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় একটি বিলে মাছ ধরতে যান ওই দম্পতি। মাছ ধরা শেষে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি কার্ভাড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা তাদের মৃতদেহ বাড়ি নিয়ে যায়।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া জানান, ঘটনার পরপরই পুলিশ কার্ভাড ভ্যানটি আটক করেছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।