কর্নাটকের ২৩তম মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল বুধবার শপথ নিলেন ৬১ বছর বয়সী বাসাভারাজ বোম্মাই। সকাল সাড়ে ১০টার দিকে রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত বাসাভারাজ বোম্মাই। বিজেপি থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হন তিনি। একাধিক দপ্তরের মন্ত্রিত্বও সামলান এই বর্ষীয়ান নেতা। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই রাজ্যবাসীর উন্নয়নের কথা বলেন বাসাভারাজ বোম্মাই। তার সরকার দরিদ্রের উন্নয়নে কাজ করবে বলে জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার বেঙ্গালুরুতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, জি কিসান রেড্ডিসহ অরুণ সিংহ এবং নলিন কাটিলের মতো বিজেপি নেতারা।